ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ফরিদপুরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে চার বছরের শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন আশরাফুল। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন শিশুটির মা আফরোজা বেগম মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং ভুক্তভোগী শিশুর বক্তব্যসহ সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় আশরাফুল উকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন